চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি হিসাবে ২২৭টি কেন্দ্রে সাত হাজারের বেশি শিক্ষার্থী থাকার কথা, কিন্তু সরেজমিনে বেশির ভাগ কেন্দ্রে শিক্ষার্থী বা পাঠদানের দেখা মেলেনি। অথচ শিক্ষকরা নিয়মিত সম্মানী তুলছেন বলে অভিযোগ।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, প্রাক-প্রাথমিকের ১২২টি কেন্দ্রে ৩ হাজার ৬৬০ জন এবং সহজ কোরআন শিক্ষার ১০৫টি কেন্দ্রে ৩ হাজার ৬৭৫ জন মিলিয়ে মোট ৭ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী নিবন্ধিত। ২২৭ জন শিক্ষক মাসে ছয় হাজার টাকা করে সম্মানী পান, বছরে যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।
১ থেকে ৯ নভেম্বর অন্তত ৩৮টি কেন্দ্র ঘুরে দেখা যায়, ৩০ জন শিক্ষার্থীর কেন্দ্রে উপস্থিত মাত্র ৯–১০ জন। অনেক কোরআন শিক্ষাকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই ছুটি দেয়; কোথাও তালা ঝুলছে, কয়েকটি কেন্দ্র ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি। দুর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি প্রাক-প্রাথমিক কেন্দ্রে কাগজে ৩০ জন থাকলেও উপস্থিত ছিল সাতজন, হাজিরা খাতায় ৪ তারিখের পর কোনো উপস্থিতি নেই। শিক্ষক নুরুন্নাহারের দাবি, আবহাওয়া বদলে শিক্ষার্থীরা অসুস্থ থাকায় উপস্থিতি কম।
মিঠুরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক মো. ফয়সাল আহমেদ জানান, অনিয়মের প্রতিবাদে তিনি আগস্টে কেন্দ্র বন্ধের আবেদন করেছেন। তার ভাষ্য, শিক্ষার্থী না থাকলেও হাজিরা ও মূল্যায়ন ঠিক রাখতে হয়, এমন অসত্য কাজে তিনি থাকতে চান না। কলাকান্দা ইউনিয়নের মিলারচরের বাসিন্দা আলী আশাদ বেপারী জানান, সেখানকার কেন্দ্রটি বেশির ভাগ সময় বন্ধ থাকে।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জাহিদুল হক বলেন, দায়িত্বে অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম বলেন, সরকারি অর্থ অপচয়ের সুযোগ নেই; ৩০ জনের কম শিক্ষার্থী থাকলে পরের বছর সংশ্লিষ্ট কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।