সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এ জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা করা হবে।
আজ সোমবার পুরান ঢাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তাঁর ভাষ্য, দ্রুত নিয়োগ শেষ করা গেলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম গতি পাবে। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতিকে সরকার গুরুত্ব দিচ্ছে এবং বিদ্যমান নিয়োগবিধি অনুযায়ী পদোন্নতির প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি জানান।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দশম গ্রেডের হওয়ায় এর নিয়োগ পরীক্ষা পিএসসির মাধ্যমে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি শেষ হলে সহকারী শিক্ষকের বহু পদ খালি হবে, ফলে সহকারী শিক্ষক পদে নতুন করে বড় নিয়োগের সুযোগ তৈরি হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ ছিল। ১৩ বছরের আইনি জটিলতা শেষে আদালতের রায়ে জট খুলেছে, এতে ৩৬ হাজারের বেশি সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক হওয়ার পথ সুগম হয়েছে। সম্প্রতি সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জন নতুন শিক্ষক নিয়োগ পেয়ে বিদ্যালয়ে যোগ দিয়েছেন এবং পাঠদান শুরু করেছেন।