১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে দেশের দ্রুততম মানব ও মানবী ইমরানুর রহমান ও শিরিন আক্তার ১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতে নিজেদের ‘স্প্রিন্ট ডাবল’ পূর্ণ করেছেন। নারীদের ২০০ মিটারে নিজের আগের রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন অভিজ্ঞ অ্যাথলেট শিরিন।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ২০০ মিটারে ২১.১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইমরানুর। ২১.৬৩ সেকেন্ডে দ্বিতীয় শান্ত কর্মকার, ২১.৭৭ সেকেন্ডে তৃতীয় রাকিবুল হাসান। ২০২২ সালের পর আবারও একই প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটারে সোনা জিতে ডাবল পূর্ণ করলেন তিনি।
গত বছর এই ২০০ মিটারের ফাইনালে দৌড় শুরু করতেই পেশিতে টান লেগে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন ইমরানুর। গত মে মাসে মায়ের অসুস্থতার কারণে একটি ইভেন্ট থেকেও সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে। এবারের সোনা জয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। প্রশিক্ষণের অংশ হিসেবেই দৌড়ে নেমেছিলেন জানিয়ে ইমরানুর বলেন, রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছাতে পেরে এবং দলের জন্য পদক আনতে পেরে তিনি সন্তুষ্ট। তাঁর মূল লক্ষ্য এখন আগামী এপ্রিলে দক্ষিণ এশীয় (এসএ) গেমসে দেশের হয়ে সেরা সাফল্য অর্জন।
নারীদের ২০০ মিটারে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন শিরিন। ২০২৪ সালের জাতীয় অ্যাথলেটিকসে তাঁর গড়া আগের রেকর্ড ছিল ২৪.৬৮ সেকেন্ড। ২৫.১১ সেকেন্ডে দ্বিতীয় হয়েছেন শরিফা খাতুন, ২৫.৩৩ সেকেন্ডে তৃতীয় বর্ষা খাতুন। প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটারের সোনাও জিতেছিলেন ইমরানুর ও শিরিন।