সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও দুজন গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত দুজনের একজন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫)। অন্যজন একই গ্রামের এক কিশোর, যার বয়স ১৬ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ চলার সময় অক্সিজেনের অভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন।
তাঁদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।