রাজধানীর যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের পদক্ষেপের ফলে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময় মানুষকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হতো এবং তখন বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছিল, রাজধানীতে যানবাহনের গতি ছিল মাত্র ৪ কিলোমিটার। তাঁর ভাষ্য, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে।
যানজট স্থায়ীভাবে কমাতে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় রায়েরবাজার সুইচগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম পর্যায়ের ৫ কিলোমিটারের কাজ চলছে, যার অগ্রগতি ৫২ শতাংশ; ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এটি শেষ হবে।
বাকি ৭ কিলোমিটার সড়কের নকশা যাচাইয়ের (ভেটিং) দায়িত্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দেওয়া হয়েছে। ২০৩০ সালের জুনের মধ্যে এর নির্মাণ শেষ করার সময়সীমা প্রস্তাব করা হয়েছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।