জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে কৃষকেরা গাছ কাটা অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানান, উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেছিলেন তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল, মোশারফসহ ১২ জন কৃষক। দীর্ঘদিন শ্রম ও অর্থ ব্যয় করে তাঁরা গাছের পরিচর্যা করছিলেন। গাছে ফুল এসেছিল, শিমও ধরতে শুরু করেছিল। আর দুই সপ্তাহ পরই এসব শিম তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের।
কৃষকদের হিসাবে, এই ১০ বিঘা জমিতে প্রায় ২ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। আসন্ন মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির আশা ছিল তাঁদের। এখন সেই আশা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
ক্ষতিগ্রস্ত কৃষক আফছার বলেন, ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলেন তিনি। ওই জমির শিম বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা আয়ের আশা ছিল। তিনি বলেন, এখন তিনি সর্বস্বান্ত। ক্ষতিপূরণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।