টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মহেড়া রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। বগির চাকা এবং রেললাইনের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ের কর্মকর্তা রেজাউল করিম জানান, শেষ বগিটি লাইনচ্যুত হওয়ায় সেটি রেখেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে চলে যায়। পরে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ পরিচালনা করে। বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে তিনি জানান। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
মহেড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা বলেন, ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল। মহেড়া স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানান তিনি।
পরবর্তী এক খবরে বলা হয়েছে, প্রায় আধা ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।