রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঢাবির ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বরের পর বাড়াতে উপাচার্যকে অনুরোধ শিক্ষামন্ত্রীর, পুনর্মূল্যায়নের ফল ২৩ নভেম্বর

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফল বদলালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারেন, সেই লক্ষ্যে সময় বাড়ানোর কথা বলেছেন মন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্দেশ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে যাঁদের ফল পরিবর্তন হবে, তাঁরাও যেন আবেদন করতে পারেন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। মন্ত্রী বলেন, উপাচার্যকে তিনি সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে অনুরোধ করবেন, যাতে পুনর্মূল্যায়নের ফলে যাঁদের ফল ভালো হবে, তাঁরাও ভর্তির আবেদনের সুযোগ পান।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ নভেম্বর, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে। সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে।

আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে; আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চারুকলা ও আইবিএ ছাড়া অন্য তিন ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হবে; রাজশাহী বিশ্ববিদ্যালয়ও এই কেন্দ্রগুলোর একটি।