চুয়াডাঙ্গায় চিফ জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাত্র চারজন বিচারক প্রায় ১৫ হাজার মামলার বিচারকাজ পরিচালনা করছেন। বিচারক সংকট, নিজস্ব ভবন না থাকা এবং অতিরিক্ত দায়িত্বের চাপে বিচারপ্রার্থী ও আইনজীবীরা ভোগান্তিতে পড়ছেন। তবে সীমাবদ্ধতার মধ্যেও মামলা নিষ্পত্তিতে গতি ফিরেছে বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১ নভেম্বর চুয়াডাঙ্গায় চিফ জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়। ১৯ বছর পার হলেও এখন পর্যন্ত নিজস্ব কোনো ভবন নির্মিত হয়নি। ফলে জজ কোর্ট ভবনের কয়েকটি জরাজীর্ণ ও ছোট কক্ষে গাদাগাদি করে বিচার কার্যক্রম চলছে।
বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট সাতটি পদের বিপরীতে কর্মরত আছেন চারজন বিচারক। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তিনটি পদের একটি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তিনটি পদের দুটি দীর্ঘদিন ধরে শূন্য। এই চারজনকে সমন্বয় করে ১৭টি কোর্টের দায়িত্ব সামলাতে হচ্ছে। একজন বিচারককে একাই তিন থেকে পাঁচটি কোর্টের কাজ করতে হচ্ছে।
অধস্তন এসব আদালতে এখন ১৪ হাজার ৭৯১টি মামলা বিচারাধীন। নিয়মিত মামলার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সামারি ট্রায়াল মামলারও বিচার করছেন। এর মধ্যে পাঁচটি কোর্টে প্রায় ৬০০টি সামারি ট্রায়াল মামলার নিষ্পত্তি হয়েছে।
আইনজীবীরা বলেন, একজন বিচারকের পক্ষে একসঙ্গে তিন থেকে পাঁচটি কোর্ট পরিচালনা করা প্রায় অসম্ভব হলেও বিচারকেরা তা করে যাচ্ছেন। এজলাসগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিচারপ্রার্থীরা জানান, মামলা দীর্ঘদিন ঝুলে থাকায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মারুফ সরোয়ার বাবু বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিচারব্যবস্থা সচল রয়েছে। তাঁর ভাষ্য, মাত্র চারজন বিচারক দিয়ে প্রায় ১৫ হাজার মামলা পরিচালনা করা অত্যন্ত কঠিন। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং তিনি দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণ ও বিচারক সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান পিপি।