ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত নানা খবরের বিষয়ে নতুন কিছু জানায়নি ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ-সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়টি ‘আইনি ব্যাপার’ এবং আইনি পথেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে, নয়াদিল্লি চায় বাংলাদেশ হাসিনাকে ফিরিয়ে নিতে একটি সামরিক বিমান পাঠাক, তাঁকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া হোক এবং ২০২৪ সালের দমনপীড়নের ঘটনায় নতুন করে বিচার হোক। এসব নিয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি না—এই প্রশ্নের সরাসরি জবাব দেননি জয়সোয়াল। তিনি বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। সে বিষয়ে আমার বলার কিছু নেই।’ আরেক সাংবাদিক জানতে চান, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন স্থলপথে হবে নাকি আকাশপথে, এ নিয়ে ভারত সরকারের কোনো প্রস্তুতি আছে কি না কিংবা সরকার উদ্বিগ্ন কি না। এসব প্রশ্নেও কোনো মন্তব্য করেননি মুখপাত্র।
জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে। এ বিষয়ে এখনো ভারতের কাছ থেকে সাড়া মেলেনি। এরই মধ্যে হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তিনি চিঠি লিখেছেন বলেও সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে।
ব্রিফিংয়ে বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার প্রসঙ্গও ওঠে। ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বৈঠকটি হওয়ার কথা ছিল। কেন তা স্থগিত করা হলো, জানতে চাইলে জয়সোয়াল বলেন, আলোচনা দুই দেশের ‘পারস্পরিক পছন্দসই তারিখে’ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কনস্যুলার বৈঠক না হওয়ায় নানা ধরনের খবর তাঁর নজরে এসেছে, ভারতেও এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। মুখপাত্রের ভাষ্য, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় এবং সে লক্ষ্যে উদ্যোগও নেওয়া হয়েছে।
জয়সোয়াল জানান, দুই দেশের মধ্যে কাঠামোগত ব্যবস্থায় যে বৈঠক হয়েছে, তাতে অন্য অনেক বিষয়ের মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। সংশোধিত ভ্রমণ নথি ব্যবস্থাপনা নিয়েও দুই দেশের কনস্যুলেট পর্যায়ের আলোচনা পারস্পরিক সম্মতিতে নির্ধারিত দিনে হবে। বিদ্যমান ব্যবস্থায় সব দ্বিপক্ষীয় বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় ভারত প্রস্তুত বলে জানান তিনি। কারিগরি পর্যায়ের আলোচনাতেও ভারতের আপত্তি নেই।