দেশের ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির হার অত্যন্ত কম থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে জানানো হয়েছে। অধিদপ্তর মঙ্গলবার এ আদেশ জারি করে।
আদেশে বলা হয়েছে, বিগত তিন বছরে তালিকাভুক্ত ২৫টি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তির হার সন্তোষজনক নয়; কিছু ক্ষেত্রে ভর্তির সংখ্যা একেবারেই শূন্য। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের প্রথম শিফটেও ভর্তির হার বেশ কম। সার্বিক বিষয় বিবেচনা করে দ্বিতীয় শিফট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
আদেশে আরও বলা হয়, ভবিষ্যতে ভর্তি বাড়লে স্থগিত শিফটগুলো পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে। স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর দ্বিতীয় শিফটে কর্মরত জনবলকে যেসব প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালু আছে, সেখানে বদলি বা পদায়ন করা হবে, যাতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা যায়।
যেসব প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট স্থগিত হলো, সেগুলো হলো জয়পাড়া, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভৈরব, বান্দরবান, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, হোসেনাবাদ, ঝিনাইদহ, শেরপুর, মৌলভীবাজার, নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এর মধ্যে নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত।