শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নরসিংদীর বেলাবোতে গ্রামীণ ব্যাংকের সদর শাখায় গভীর রাতে আগুন, পুড়েছে সাইকেল ও কাগজপত্র

ব্যাংক কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন ছুড়ে পালিয়ে গেছে; গুরুত্বপূর্ণ কোনো নথির ক্ষতি হয়নি।

নরসিংদীর বেলাবো উপজেলায় গ্রামীণ ব্যাংকের সদর শাখায় আগুন দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখায় ঘটনাটি ঘটে। ব্যাংক ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা অতর্কিতে শাখা কার্যালয়ের দিকে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময় শাখা ব্যবস্থাপনা ভবনের ওপরের তলায় অবস্থান করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান।

শাখা ব্যবস্থাপক মো. নাজমুল আলম জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন ছুড়ে মারে। অফিসে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপর ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

বেলাবো থানার ওসি (তদন্ত) সরল মরমু জানান, রাত ৩টার পরে কারা আগুন দিয়ে পালিয়ে গেছে, তা এখনো নিশ্চিত নয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জড়িতদের পাশাপাশি নেপথ্যে অর্থ জোগানদাতাদেরও শনাক্ত করে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন।