বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ট্রলারকে আশ্রয়ে থাকার নির্দেশ

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে ১৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৫.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৭০ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালন সৃষ্টি অব্যাহত রয়েছে এবং সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।