সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ভূমিমাইন বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইদলিবের গ্রামাঞ্চলের উম খুজাইম গ্রামে বিস্ফোরণটি ঘটে। এটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে ‘ফেলে যাওয়া’ একটি মাইন থেকে হয়েছে।
তেরো বছরের বেশি সময়ের গৃহযুদ্ধে বিভিন্ন পক্ষ দেশটির নানা জায়গায় মাইন পুঁতেছিল। এর ফলে ভূমিমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ এখনো সিরিয়াজুড়ে ছড়িয়ে আছে। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের নেতৃত্বে দেশব্যাপী সমন্বয় ব্যবস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে আসাদের পতনের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শুরু পর্যন্ত বিস্ফোরক-সংক্রান্ত ১ হাজার ৩৩৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ২ হাজার ৩৭৫ জন নিহত বা আহত হয়েছেন, যাঁদের মধ্যে ৮৫০ জনের বেশি শিশু।
হ্যালো ট্রাস্ট নামের বেসরকারি সংস্থার সিরিয়া কর্মসূচি ব্যবস্থাপক সাইমন জ্যাকসন সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে বলেন, ভূমিমাইন ও অবিস্ফোরিত যুদ্ধাবশেষের কারণে সিরিয়ায় প্রায় প্রতি ছয় ঘণ্টায় একজন নিহত বা আহত হচ্ছেন। ভূমিমাইন ও ক্লাস্টার মিউনিশন মনিটরের জুনে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মাইন ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক পদার্থে সবচেয়ে বেশি হতাহত হয়েছে সিরিয়ায়; সেই বছর ১ হাজার ৬০০ জন নিহত বা আহত হন।