বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাভারের বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার, তবে পরিবেশবিধি না মানলে ছাড় নয়: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার বাধ্যতামূলক করা হবে।

সাভারের চামড়াশিল্প নগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। বুধবার (১১ নভেম্বর) বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা জানান।

রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

মন্ত্রী জানান, গত বছর লেদার ও নন-লেদার মিলিয়ে প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ বাজার, আর প্রতিবেশী ভারতও চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে উঠে এসেছে। হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা শিল্পের অগ্রগতিতে বাধা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট বসানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) প্রসঙ্গে তিনি বলেন, জিডিপিতে এ খাতের অবদান বর্তমানে এক-চতুর্থাংশেরও কম; আয়বৈষম্য কমাতে তা অন্তত ৬০ শতাংশে নেওয়া দরকার। এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এসএমই ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি থেকে বাড়িয়ে দুই হাজার কোটি টাকা করা হয়েছে এবং এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ বলে জানান তিনি।