বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কোমরের ডিস্কজনিত রোগীর সংখ্যা বাড়ছে, দেশে ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক তিন শতাধিক

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেছেন, প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে একজনের সামান্য বেশি ফিজিয়াট্রিস্ট থাকায় প্রয়োজনের তুলনায় সংখ্যা অনেক কম।

দেশে পিএলআইডি (কোমরের মেরুদণ্ডের ডিস্কজনিত রোগ) আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এ রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, বর্তমানে দেশে ফিজিয়াট্রিস্ট তিন শতাধিক, যা প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে একজনের সামান্য বেশি। প্রয়োজনের তুলনায় এ সংখ্যা অনেক কম বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক (পিএলআইডি)’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে থাকা নরম ডিস্ক মেরুদণ্ডকে নমনীয় রাখে। কোনো কারণে ডিস্কের ভেতরের জেলির মতো অংশ বাইরের শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে এলে স্নায়ুর ওপর চাপ পড়ে এবং তীব্র ব্যথা ও জটিলতা দেখা দিতে পারে। সাধারণত কোমরের নিচের অংশে এ সমস্যা বেশি হয়। দীর্ঘ সময় বসে কাজ করা, ওজন বেড়ে যাওয়াসহ নানা কারণে ডিস্ক সরে যেতে পারে। শারীরিক লক্ষণ ও এমআরআই প্রতিবেদন মিলিয়ে রোগের মাত্রা নির্ণয় করা হয়। তাঁর ভাষ্য, অধিকাংশ রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই ফিজিওথেরাপি, ম্যানুয়াল থেরাপি ও ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রবীণ জনগোষ্ঠী ৯ শতাংশ, যা আগামী ১০ থেকে ১৫ বছরে ২০ থেকে ২৫ শতাংশে পৌঁছাতে পারে। অথচ দেশে এখনো ফিজিক্যাল মেডিসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি। উপজেলা পর্যায়ে চিকিৎসকের ১০০টি পদ সৃষ্টি করা হলেও পদায়ন করা সম্ভব হয়নি; আরও ৩০০টির বেশি পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। বয়স্ক ও কায়িক পরিশ্রম করা মানুষের চিকিৎসায় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।