সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিক সেলিমের মৃত্যু, মামলায় গ্রেপ্তার চার

ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের সময় ৪ নভেম্বর আউকপাড়ায় আহত তরুণ শ্রমিক ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা গেছেন।

ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। পরিবার জানিয়েছে, রোববার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

সেলিমের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামে। সাভারের আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি কারখানায় তিনি জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের সময় ৪ নভেম্বর আউকপাড়ায় বহিরাগতদের হামলায় তিনি আহত হন।

সেলিমের পরিবারের সদস্য ও কারখানার কর্মকর্তারা জানান, ওই দিন বহিরাগত একদল লোক আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালায়। পরিস্থিতির কারণে দুপুর সাড়ে ১২টার দিকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে এই কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা বেরিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সেলিম। তখন হঠাৎ এক ব্যক্তি রডজাতীয় কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। হামলাকারীরা কারখানার আরও দুই শ্রমিক রাকিব (২৪) ও লিমনকে (২৫) মারধর করেন। তাঁরা এখন সুস্থ আছেন বলে কারখানার এক কর্মকর্তা জানিয়েছেন।

গুরুতর আহত সেলিমকে প্রথমে সাভারের একটি বেসরকারি হাসপাতালে, পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কারখানার ওই কর্মকর্তা বলেন, আঘাত পাওয়ার পর থেকে সেলিম অচেতন ছিলেন এবং তাঁকে বাঁচাতে কারখানার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছিল।

সেলিমের বাবা মোহাম্মদ রহিম বলেন, ছেলের মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হবে। হামলার পর ৭ নভেম্বর আশুলিয়া থানায় মামলা হয়েছে জানিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান বলেন, ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।