২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, সন্দেহজনক হামে আক্রান্ত ১,৩৪১ জন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং ১,৩ ৪১ জন নতুন আক্রান্ত হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে নতুন করে ১,৩ ৪১ জন আক্রান্ত হয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নিয়ন্ত্রণ কক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,২২৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এছাড়াও, একই সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ১১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা ১,৮৮,০২৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১,২১২ জন।
এই সময়ের মধ্যে ১,৬৬,৩১০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, ১,৫৯,৫১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হলেও এই নির্দিষ্ট সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।