চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে, তবে তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে।
বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে, যেখানে এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ২৬ মিলিমিটার। ময়মনসিংহ বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেট বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, খুলনা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে, ৩৫ থেকে ৪০ মিলিমিটার। আর সবচেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রংপুর বিভাগে, ৪ থেকে ৮ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। গত অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ওই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার একটি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করে।