নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে একটি শিয়ালের কামড়ে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার গ্রামবাসী ধাওয়া করে শিয়ালটিকে মেরে ফেলেছেন।
স্থানীয়রা জানান, রোববার ওই গ্রামের মোস্তাফিজের স্ত্রী জান্নাতুন (৩২) বাড়ির পাশের মাঠে ঘাস সংগ্রহ করতে গেলে একটি শিয়াল তাঁকে কামড়ে আহত করে। একই দিন পরপর একই গ্রামের রোজিনা (৪০), কাজল রেখা (৪৪) ও তপন কুমার (৪০) শিয়ালের কামড়ে আহত হন। লোকালয়ে এসে শিয়ালটি পাঁচ বছর বয়সী এক শিশুকেও কামড়ায়।
সোমবার সকালেও একই শিয়ালের কামড়ে আহত হন গ্রামের মিলাদুন (২২) ও শান্ত (১৮)। পরে গ্রামবাসী শিয়ালটিকে ধাওয়া করে মেরে ফেলেন।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে আহত সাতজনই স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাঁদের ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। জান্নাতুন, কাজল রেখা ও রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ বলেন, বন্যপ্রাণী সাধারণত পাগল হয়ে গেলে মানুষের ওপর আক্রমণ করে। এ ছাড়া বন-জঙ্গল কমে যাওয়ায় তাদের থাকার জায়গা ও খাবারের ঘাটতি দেখা দিচ্ছে, ফলে তারা লোকালয়ে এসে আক্রমণ করছে। তিনি সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন।