মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

একাই বসবাস করা ৪৬ বছর বয়সী নারীর মরদেহ মঙ্গলবার সকালে বিছানা থেকে উদ্ধার করে পুলিশ; শ্বাসরোধে হত্যার ধারণা তাদের।

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে নিজ ঘরের বিছানা থেকে ৪৬ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং তাঁর কোনো সন্তান নেই। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। জীবিকার জন্য বাড়ির পাশে একটি উচ্চবিদ্যালয়ের সামনে মুদি দোকান চালাতেন।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর টিনের ঘরের পশ্চিম পাশের সিঁধ কেটে ভেতরে ঢোকে। মঙ্গলবার সকাল ১০টা পার হলেও তিনি দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তাঁরা। পরে ঘরের পশ্চিম পাশে সিঁধ কাটা অবস্থায় দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে নাক ও কান থেকে গয়না খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।