চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর গুজরার রাজচন্দ্র পাড়ার ডিসি সড়কে (নতুন বাজার সড়ক) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সামশুন নাহার (৫০) বড়ঠাকুরপাড়ার ইসমাইল সওদাগর এলাকার বাসিন্দা। জমি রেজিস্ট্রির জন্য নগদ টাকা নিয়ে তিনি অটোরিকশায় রাউজান সদর সাব-রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। অস্ত্রের মুখে তাঁর ব্যাগে থাকা ২৫ লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
সামশুন নাহার বলেন, তাঁর কাছে মোট ২৭ লাখ টাকা ছিল; এর মধ্যে ২৫ লাখ টাকা একটি ব্যাগে ছিল এবং বাকি ২ লাখ টাকা ছিল জমির কাগজপত্রের ব্যাগে। তিনি রাউজান থানায় অভিযোগ দিয়েছেন। তাঁর ছেলে মো. আরিফ বলেন, পৌরসভার চারাবটতল এলাকায় আট শতক জমি কিনতে ৩২ লাখ টাকায় কথা হয়েছিল, ৫ লাখ টাকা বায়না করা হয়েছিল। সেদিন বাকি টাকা নিয়ে তাঁর মা ও দলিল লেখক সাব-রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, তিনি পৌঁছানোর পাঁচ মিনিট আগে ঘটনাটি ঘটেছে। দিনদুপুরে এভাবে ছিনতাই হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তোলেন তিনি।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।