বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ধরে রাখতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার প্যানেল ব্যবহারে জোর দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘আজকে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকটের মধ্যেও আমরা দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিদেশ থেকে বেশি দাম দিয়ে গ্যাস কিনছি।’ তাঁর ভাষ্য, সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন গ্যাসের দাম ছিল ১২ ডলার, এখন তা বেড়ে ৩২ ডলারে দাঁড়িয়েছে। এই কয়েক মাসে সরকার ভর্তুকি দিয়েছে ৪৭ হাজার কোটি টাকা।
এভাবে ভর্তুকি চালিয়ে যেতে হলে সামাজিক প্রকল্পের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেন মন্ত্রী। রাস্তাঘাটের কাজ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্কুল ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের মতো খাতের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি সহযোগিতা না করেন, তবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।’
জ্বালানি সংকটের বিকল্প সমাধান হিসেবে সৌরবিদ্যুতের সুবিধার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা একটা সহজ পদ্ধতি পেয়েছি—আল্লাহর দেওয়া সূর্য।’ তিনি মুসল্লিদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, ঘরে ঘরে সোলার বসালে বিদ্যুতের বিল দিতে হবে না, প্রিপেইড মিটারের জন্য ঘুরতেও হবে না এবং নিজের পছন্দমতো বিদ্যুৎ ব্যবহার করা যাবে।
নামাজ শেষে মন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে উৎসাহ দেন। এ সময় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ও সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।