শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সরকারি মেডিকেলে এমবিবিএসের আসন বেড়ে ৫ হাজার ২৭০, ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২৭০টি আসন বেড়েছে; আবেদন চলবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসন বেড়েছে ২৭০টি। এতে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের মোট আসন দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টিতে। আসনের পাশাপাশি বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যাও।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এমবিবিএস কোর্সে ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ২৭০টি। বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্য ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন ৫৪৫টি। সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর।

এ বছরই অনুমোদন পাওয়া নরসিংদী, ঠাকুরগাঁও এবং সরকারি কর্মচারী মেডিকেল কলেজও ভর্তির এই তালিকায় আছে। সরকার ১৩ মে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয়, যা ছিল দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ। ১৪ জুন ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পায় নরসিংদী মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের এক কিলোমিটারের মধ্যে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চালুর অনুমোদন দেওয়া হয় ৯ নভেম্বর। তবে এই তিন প্রতিষ্ঠানের কোনোটিরই অবকাঠামো এখনো নির্মাণ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে নতুন তিনটি মেডিকেল কলেজের প্রতিটিতে ৫০টি করে এমবিবিএস আসন নির্ধারণ করা আছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, বরিশালের শের-ই-বাংলা, রংপুর, স্যার সলিমুল্লাহ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএসের ২৫০টি করে আসন রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসন ২২০টি। কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজে ২০০টি করে এবং গোপালগঞ্জ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল মেডিকেল কলেজে ১২৫টি করে আসন রয়েছে।