হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আংশিকভাবে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, টার্মিনালটি পরিচালনা ও ব্যবস্থাপনার কনসেশন চুক্তি চূড়ান্ত হয়েছে এবং ৩০ নভেম্বরের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তা সই করার লক্ষ্য রয়েছে। চুক্তি সইয়ের পর ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনাল চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রণালয়ের হিসাবে পূর্ণ সক্ষমতায় টার্মিনালটি চালু হতে সর্বোচ্চ ১৪ মাস লাগতে পারে।
প্রাথমিক কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতায় চালুর আলোচনা থাকলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় যেতে পারবে না। তাই প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে। আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইট যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত আছে কি না—এ প্রশ্নে মন্ত্রী জানান, কিছু শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। একটি শর্তে তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর না করার কথা বলা হয়েছে। মন্ত্রীর ভাষ্য, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই এবং নতুন বিমানবন্দর নির্মাণে ১০ থেকে ১৫ বছর সময় লাগে, ফলে এ শর্তে বড় কোনো সমস্যা হবে না।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।