২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা শেখানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে এবং এ যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সরকার আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শ্রেণিভিত্তিক বিষয়ের বিবরণ দিয়ে মন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স রাখা হয়েছে। সপ্তম শ্রেণিতে থাকবে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ। অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং অন্তর্ভুক্ত করা হচ্ছে।
নবম ও দশম শ্রেণিতে থাকবে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয়।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার শেখালেই হবে না; এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের শেখাতে হবে। সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে তথ্য যাচাই ও ডিপফেক-সংক্রান্ত বিষয় যুক্ত করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং ও অনলাইন নিরাপত্তা শেখানো প্রয়োজন।