বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে নারী ট্রাফিক সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর নিয়ে প্রশ্ন, স্বচ্ছ তদন্তের দাবি

কোচিং সেন্টারের হিসাব থেকে ২০২২ সালে পুলিশের এক সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে টাকা যাওয়ার নথি সামনে এসেছে; উৎস ও উদ্দেশ্য নিয়ে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের ঘটনাকে ঘিরে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। ব্যাংক হিসাবের নথিতে ওঠা এ লেনদেনের উৎস ও উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

নথিতে যা আছে

ব্যাংক হিসাবের নথি অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’ নামে পরিচালিত একটি ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা আরএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করা হয়।

কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে এ লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

দুই পক্ষের বক্তব্য

টাকার উৎস ও উদ্দেশ্য জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। যিনি টাকা দিয়েছেন, তাঁকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

অন্যদিকে সাইফুল ইসলাম দাবি করেন, টাকাটি সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে নিয়েছিলেন। সরাসরি লেনদেন না করে ওই তৃতীয় ব্যক্তির নগদ অর্থ তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিয়ে পরে সাবিহার হিসাবে পাঠানোর অনুরোধ করা হয়েছিল। সাইফুলের ভাষ্য, ‘আমি উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি।’ তবে ওই তৃতীয় ব্যক্তির পরিচয়, অর্থের প্রকৃত উৎস এবং কোচিং সেন্টারের হিসাব ব্যবহারের কারণ নিয়ে তিনিও স্পষ্ট কিছু বলেননি।

বিষয়টি নিয়ে জানা যায়, ওই ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের পোশাক পরা অবস্থায় সাইফুল ইসলামের সঙ্গে সাবিহা আক্তারকে বৈঠক করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তদন্তের দাবি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগে নানামুখী দুর্নীতির কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের অ্যাকাউন্টে এমন অস্বচ্ছ ও বিপুল অঙ্কের লেনদেনের পেছনে কী রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা অত্যন্ত জরুরি।’

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে পুলিশ নিজস্ব উদ্যোগে কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত শুরু করে না।