শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলারের ঋণচুক্তি সই, সুদ ১.৫ শতাংশ

‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’-এর আওতায় সহজ শর্তের এই ঋণের মেয়াদ ২৫ বছর, গ্রেস পিরিয়ড পাঁচ বছর; প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।

আর্থিক খাতের সুরক্ষাজাল শক্তিশালী করা, তদারকি সক্ষমতা বাড়ানো এবং ব্যাংক খাতের পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সহজ শর্তে ঋণ দেওয়া সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মধ্যে শুক্রবার ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থায়নচুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে।

প্রকল্পের আওতায় ৩২৮ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) পাওয়া যাবে, যা ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক এটি বাস্তবায়ন করবে।

চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলিত ঋণের স্থিতির ওপর বছরে ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বছরে সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রযোজ্য হবে। ইআরডি জানিয়েছে, চলতি অর্থবছরসহ দীর্ঘদিন ধরে বিশ্বব্যাংক বাংলাদেশকে এই প্রতিশ্রুতি ফি থেকে অব্যাহতি দিয়ে আসছে। ঋণ পরিশোধের মেয়াদ ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা রেয়াতি সময়।