সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আধিপত্য ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মন্নার মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার পক্ষের লোক বলে জানা গেছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও রউফ মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আগের সরকারের সময়ও একাধিকবার দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এবং উভয় পক্ষে অন্তত ডজনখানেক মামলা রয়েছে।
শনিবার দুপুরে বিরোধপূর্ণ জায়গায় রউফ মিয়া বেড়া দিতে গেলে আজব আলীর লোকজন তা তুলে ফেলতে যান। এ নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুরুতর আহত হন মন্নার মিয়া; হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান বলেন, আধিপত্য বিস্তার ও জমিজমা-সংক্রান্ত কারণে দুই পক্ষের মধ্যে আগেও একাধিকবার সংঘাত হয়েছে। ওসি সোহেল আহমদ জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা মামলা হয়েছে কি না, তা প্রতিবেদন তৈরির সময় জানা যায়নি।