রাজধানীর শ্যামলীতে একটি রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসিতে এ ঘটনা ঘটে। গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ভবনের মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তাঁর ভাই জুয়েল।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে রাষ্ট্রনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল এবং টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। তবে এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেননি।
রাষ্ট্রন সাংবাদিকদের জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে দুজনের নাম বলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফোনে বলা হয়, টাকা না দিলে পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। তাঁর দাবি, ফোনের আগের দিন রাতে এবং ৭ নভেম্বর রাতে তাঁর বাসার সামনে ককটেল বিস্ফোরণ হয়েছিল। শুক্রবার রাতে মোটরসাইকেলে আসা তিনজন দোকান লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে তিনি জানান। এই দাবিগুলো পুলিশ স্বাধীনভাবে যাচাই করেছে কি না, তা জানা যায়নি।