নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ইসহাক আলী (৫৪) নামে এক স্বঘোষিত পীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উত্তেজনা সৃষ্টির অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইসহাক আলী উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ ও স্থানীয় সূত্র অনুযায়ী, তিনি নিজেকে পীর হিসেবে প্রচার করে বিভিন্ন এলাকার মানুষকে মুরিদ বানাতেন। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে সাউন্ড সিস্টেম বাজিয়ে ছেলেমেয়েদের জড়ো করে অশালীন কর্মকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এলাকাবাসী ক্ষুব্ধ থাকলেও ভয়ে কেউ মুখ খুলতেন না বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, ভিডিওতে তিনি নিজেকে ‘রাসূল’ দাবি করেন এবং পবিত্র কালিমা বিকৃত করেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ মুসল্লিরা তাঁর বাড়িতে জড়ো হন। একপর্যায়ে আরও লোকজন আসায় এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতার আশঙ্কায় উত্তেজিত জনতার হাত থেকে ইসহাক আলীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার পর উত্তেজিত জনতা তাঁকে ঘিরে রাখে এবং পুলিশের হাতে তুলে দেয়। মামলা দায়েরের পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে এখনো অভিযোগ প্রমাণিত হয়নি।