রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

ভূমি নিবন্ধন ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির, নামজারি অটোমেশনের তাগিদ

ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ভূমিসেবা হয়রানিমুক্ত করতে নিবন্ধন, নামজারি ও কর ব্যবস্থায় একগুচ্ছ সংস্কারের সুপারিশ করেছে।

হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা, ভূমি প্রশাসন ডিজিটাল করা এবং মাঠপর্যায়ে দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

রোববার সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে বৈঠকে সদস্য ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) ও মুহাম্মদুল্লাহ অংশ নেন। বৈঠকে প্রথম বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয়।

সুপারিশের মধ্যে রয়েছে সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে নিবন্ধন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনা, অবৈধ দখলদারদের অবস্থান শনাক্ত করতে জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজামূল্য নির্ধারণ এবং দীর্ঘদিন ঝুলে থাকা ভূমিসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি। একই জমির দলিল জামানত রেখে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার মতো অনিয়ম ঠেকাতে ব্যাংকিং ব্যবস্থায় জমির মালিকানা ও বন্ধকের তথ্য সমন্বিতভাবে আদান-প্রদানের কার্যকর পরিকল্পনা নিতে বলা হয়েছে।

উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, স্থাবর সম্পত্তি হস্তান্তরের মূল্য বাজারমূল্যের সঙ্গে যৌক্তিক করা এবং হস্তান্তরের বিভিন্ন ফি ও গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে রাখার কথাও বৈঠকে বলা হয়। ভূমির মালিকানা নিয়ে সামাজিক সংঘাত কমাতে ও ন্যায্য ভূমি উন্নয়ন কর ব্যবস্থা গড়তে বিদ্যমান ভূমি প্রশাসনকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের সুপারিশ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ শাখা ও কানুনগো কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিটি। বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।