ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়ানো দুই পক্ষের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে দুই পক্ষ বাগ্বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। আটটি বাড়িতে ব্যাপক ভাঙচুর হয়, সব মিলিয়ে অন্তত ২৮টি বাড়িঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন জানান, বর্তমানে হাসপাতালে ১৩ জন ভর্তি আছেন। কারও বড় ধরনের আঘাত নেই।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সকালে একটি চায়ের দোকানে দুই যুবকের মারামারির জেরে বেলা তিনটার দিকে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। উভয় পক্ষের বাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে বলে তিনি জানান। তিনি পুলিশকে সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। বক্তব্য জানতে উজির আলী ও বাবু জোয়ার্দারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। গ্রামে এখন পুলিশ মোতায়েন আছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।