মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

এক দিনের ব্যবধানে ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমল ৩০০ কোটি টাকা, সূচক নেমেছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে

ব্যাংক খাতের শেয়ারের দরপতন ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় লেনদেন আবার হাজার কোটি টাকার নিচে নেমেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৩০০ কোটি টাকা বা সাড়ে ২৪ শতাংশ কমেছে। সোমবার লেনদেন আবার হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৯২১ কোটি টাকা। এর আগের কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২২০ কোটি টাকার।

লেনদেনের পাশাপাশি সূচকও কমেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচক ও লেনদেন কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্যাংক খাতের শেয়ারের দরপতন। এতে এ খাতের কোম্পানিগুলোর লেনদেনও কমেছে। ওই দিন লেনদেন হওয়া ৩১টি ব্যাংকের মধ্যে ১৪টির দাম কমেছে, বেড়েছে ৬টির এবং অপরিবর্তিত ছিল ১১টির।

ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, সূচকের পতনে সবচেয়ে বড় ভূমিকা রাখা ১০ কোম্পানির মধ্যে ৬টিই ব্যাংক: ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ছয় ব্যাংকের শেয়ারের দরপতনে ডিএসইএক্স ৮ পয়েন্টের বেশি কমেছে।

রোববার লেনদেনে ব্যাংকগুলোর আধিক্য থাকলেও সোমবার তাতে ছেদ পড়ে। এদিন লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ব্যাংক ছিল দুটি—ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। দুই ব্যাংকেরই লেনদেন আগের দিনের চেয়ে কমেছে; ব্র্যাক ব্যাংকের লেনদেন ছিল ১৬ কোটি টাকা এবং সিটি ব্যাংকের প্রায় ১৪ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোববার ব্যাংকসহ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল, তাতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। ফলে সোমবার বাজারে বিক্রির চাপ ছিল বেশি।