বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

রাজশাহীর তানোরে দোকান থেকে ফেরার পথে কোটিপতি ব্যবসায়ী মিজানুর রহমান বাদশা নিখোঁজ

গত শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি।

রাজশাহীর তানোরে নিজ বাড়ি থেকে রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে মিজানুর রহমান বাদশা (৫৩) নামে এক কোটিপতি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তিনি বের হয়েছিলেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর থেকে মিজানুর রহমান বাদশার স্ত্রী শামীমা খাতুন ও পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। শনিবার সকালে কৃষ্ণপুর মোড়ে অবস্থিত নিজের রড-সিমেন্টের দোকান শাফায়াত এন্টারপ্রাইজে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি দোকানে পৌঁছাননি বা বাড়িতেও ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও কোনো সন্ধান না পেয়ে তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শামীমা খাতুন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমার স্বামী প্রতিদিনের মতো দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় আছেন, কী অবস্থায় আছেন- কিছুই জানি না। আমরা পরিবারের সবাই ভীষণ দুশ্চিন্তায় আছি।” তিনি প্রশাসনের কাছে দ্রুত তার স্বামীকে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, মিজানুর রহমান বাদশা নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও খোঁজখবর নিচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তার সন্ধানে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।