শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ৯ বছরে সেবাগ্রহীতা বেড়েছে সাড়ে তিন গুণ, জনবল বাড়েনি

২০১৭ সালে যাত্রা শুরুর পর কেন্দ্রে সেবা নেওয়া শিক্ষার্থী-শিক্ষকের সংখ্যা ১৯৬ থেকে ৬৭৩-এ পৌঁছালেও কাউন্সেলরদের পদ অস্থায়ী, মেলে নামমাত্র ভাতা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ৯ বছরের ব্যবধানে সেবাগ্রহীতার সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে। কিন্তু সেই অনুপাতে জনবল বাড়েনি। সীমিত লোক দিয়েই বাড়তি চাপ সামলাতে হচ্ছে কেন্দ্রের কর্মীদের। এতে মানসিক সংকটে থাকা শিক্ষার্থীদের সেবা পেতে অপেক্ষা করতে হচ্ছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে সেবা নিয়েছিলেন ১৯৬ জন। পরের দুই অর্থবছরে এ সংখ্যা দাঁড়ায় ২৪০ ও ২৭২ জনে। করোনা মহামারির সময় ২০২০-২১ অর্থবছরে সংখ্যাটি কিছুটা কমলেও পরে আবার বাড়তে থাকে। ২০২১-২২ অর্থবছরে সেবাগ্রহীতা একলাফে ৫৩৮ জনে পৌঁছায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে সেবা নিয়েছেন ৬৭৩ জন। কেন্দ্রটি জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ১৫ জন সেবা নিয়েছেন।

২০১৭ সালের আগস্টে একজন পরিচালক, একজন প্রধান মনোবিজ্ঞানী ও একজন কো-অর্ডিনেটর নিয়ে কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। এরপর ৯ বছরে মাত্র দুজন কাউন্সেলর যুক্ত হয়েছেন। এখন পাঁচজন কর্মকর্তা দিয়ে কেন্দ্র চলছে। পরিচালক ছাড়া বাকিরা নামমাত্র ভাতা বা প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করছেন এবং সবার পদই অস্থায়ী। কাউন্সেলরদের যাতায়াত ও মুঠোফোন ভাতা বাবদ প্রশাসন মাসে সাড়ে ২৫ হাজার টাকা দেয়, অফিস পরিচালনার জন্য দেওয়া হয় আরও পাঁচ হাজার টাকা।

কেন্দ্রের পরিচালক ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহা. এনামুল হক বলেন, কাউন্সেলররা প্রায় বিনা পারিশ্রমিকে সেবা দিচ্ছেন এবং জনবলের সংকটে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। স্থায়ীভাবে দক্ষ কাউন্সেলর ও কর্মচারী নিয়োগ দিলে শিক্ষার্থীরা আরও কার্যকর সেবা পাবেন বলে তিনি মন্তব্য করেন। ৯ বছর ধরে কেন্দ্রের কো-অর্ডিনেটর ও মনোবিজ্ঞানী হিসেবে কাজ করা মো. মেহেদী হাসান জানান, অনেকের সমস্যা গুরুতর হলেও আগের ক্লায়েন্টদের সেশন নির্ধারিত থাকায় সব সময় দ্রুত সেবা দেওয়া যায় না। কেন্দ্রে কোনো পিয়ন বা কর্মচারীও নেই বলে তিনি জানান।

কেন্দ্রে এলে সেবাগ্রহীতাকে প্রথমে একটি গোপনীয়তার ফরম পূরণ করতে হয়, এরপর নির্দিষ্ট তারিখে সেশন দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জরুরি সংকটে থাকা সেবাগ্রহীতাকেও তাৎক্ষণিক সেশন দেওয়া সম্ভব হয় না। এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রে যাওয়ার ছয় দিন পর তিনি প্রথম সেশন পেয়েছিলেন। হতাশা, উদ্বেগ, যৌন হয়রানিসংক্রান্ত সমস্যা, ঘুমের সমস্যা, মানসিক চাপসহ মোট ১৭টি কারণ চিহ্নিত করেছেন কেন্দ্রের বিশেষজ্ঞরা। নয় বছরের তথ্যে হতাশার কারণে ৬৭৫ জন এবং উদ্বেগ নিয়ে ৪৮৭ জন সেবা নিতে এসেছেন।

উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, আগে লজ্জায় অনেকে কেন্দ্রে যেতেন না; শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ায় সেবাগ্রহীতা বেড়েছে, যা তাঁরা ইতিবাচকভাবে দেখছেন। সক্ষমতা বাড়ানো প্রশাসনের পরিকল্পনায় আছে জানিয়ে তিনি বলেন, পুরোদমে নিয়োগপ্রক্রিয়া শুরু হলে সেখানে জনবল দেওয়া হবে এবং ইতিমধ্যে কিছু বাজেট দেওয়া হয়েছে। সম্প্রতি ৩৫ লাখ টাকায় কেন্দ্রটির অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। ভবিষ্যতে ছয়তলা চিকিৎসাকেন্দ্র ভবন হলে সেখানে স্থানান্তর করে একে পূর্ণাঙ্গ ইউনিট করার চিন্তাও রয়েছে।