রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোহনপুরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু, পেঁয়াজ সংরক্ষণে ৫০ এয়ার ফ্লো মেশিন

উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য।

রাজশাহীর মোহনপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন খরচ কমাতে ও উৎপাদনশীলতা বাড়াতে সরকার নানা প্রণোদনা দিচ্ছে। এসব সহায়তা যাতে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছে পৌঁছায়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, কৃষকদের কাছে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব এবং এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হরসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এতে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি আবাদ বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে ৫০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এসব মেশিন পেঁয়াজ সংরক্ষণব্যবস্থা উন্নত করবে এবং সংরক্ষণকালে ক্ষতি কমাবে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও থানার ওসিসহ অন্যরা উপস্থিত ছিলেন।