লিবিয়ার একটি কারাগারে আটক থাকা অবস্থায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মতব্বির হোসেন (৫০) মারা গেছেন। পরিবার জানিয়েছে, গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়েছেন তাঁর স্ত্রী ফিরোজা বেগম।
মতব্বির নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মরহুম আওর বখতের ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে তিনি নিজের মুদিদোকান ও ২০ শতাংশ জমি ১৪ লাখ টাকায় বিক্রি করে বিদেশে যান। পরিবারের ভাষ্য, প্রায় চার মাস আগে স্থানীয় একটি মানবপাচারকারী চক্রের মাধ্যমে তিনি সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছান। লক্ষ্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়া।
পরিবারের তথ্য অনুযায়ী, গত চার মাসে তিনবার নৌপথে গ্রিসে যাওয়ার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। সর্বশেষ চেষ্টার সময় লিবিয়ার পুলিশ তাঁকে আটক করে এবং গানপুদা কারাগারে রাখে। পরিবার জানায়, মতব্বির আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন; দেশে তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে আলফা মিথিন হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ অক্টোবর তিনি মারা যান।
গত বুধবার তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছায়। বর্তমানে লাশ ওই হাসপাতালের হিমাগারে রাখা আছে বলে পরিবার জানিয়েছে। দুই ছেলে ও এক মেয়ের জনক মতব্বিরের একমাত্র উপার্জনেই চলত পরিবারটি। এখন লাশ ফেরানোর ব্যবস্থার জন্য সরকারের সহায়তা চাইছেন তাঁরা। এ বিষয়ে সরকারি কোনো বক্তব্য এই প্রতিবেদন তৈরির সময় পাওয়া যায়নি।