কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মনিকা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাটির চালকসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি নাইট কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হন।
পরে তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর শাহে নেওয়াজ বলেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল, এর মধ্যে এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।