সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষিত ১৩৯ জন ভিডিপি সদস্যের মধ্য থেকে ১০০ জন কর্মী চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদরদপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে এবং ট্রান্সগার্ড গ্রুপ ও রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার—এই তিন ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির বদলে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে রক্ষায় বাহিনী সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করছে। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মহাপরিচালক। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো, ঋণের কিস্তি পরিশোধ ও জরুরি সমস্যা সমাধানে বাহিনীর মাইগ্রেশন সেল ও ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বয়ে সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে বলেও তিনি জানান।