বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

নলডাঙ্গায় সার নিতে লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের দফায় দফায় সংঘর্ষ, আহত কয়েকজন

নাটোরের নলডাঙ্গা পৌর এলাকায় বিসিআইসি সার ডিলারের দোকানের সামনে বৃহস্পতিবার সকালে লাইন নিয়ে দুই দফা সংঘর্ষে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন।

নাটোরের নলডাঙ্গায় সার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর এলাকায় বিসিআইসি সার ডিলারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সার নেওয়ার জন্য ওই ডিলারের দোকানের সামনে শত শত কৃষক লাইনে দাঁড়ান। লাইনে আগে-পরে দাঁড়ানো নিয়ে প্রথমে কৃষকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। স্থানীয়রা তখন পরিস্থিতি সামাল দেন। তবে বেলা সাড়ে ১১টার দিকে একই বিষয় নিয়ে কৃষকেরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। দ্বিতীয় দফায়ও আরও কয়েকজন আহত হন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, এর আগের দিন বুধবারও উপজেলার মাধনগর এলাকায় সার বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তখনো পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগরওয়াল বলেন, সকাল ৯টা থেকে উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে নিয়মমাফিক সার বিতরণ করা হচ্ছিল। কৃষকেরা লাইনে দাঁড়িয়ে সার নিচ্ছিলেন। হঠাৎ কিছু উচ্ছৃঙ্খল লোক হট্টগোল শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরে কৃষি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, উপজেলায় সারের বরাদ্দ পর্যাপ্ত আছে। পৌর এলাকার ডিলার পয়েন্টে বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে কিছু কৃষকের মধ্যে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য থেকে বিশৃঙ্খলা হয়েছে। তাঁর ভাষ্য, অনেক কৃষক আগেভাগে সার সংগ্রহ করে বাড়িতে মজুত রাখতে চাইছেন, ফলে লোকসমাগম বেশি হচ্ছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি জানান।