রাষ্ট্রমালিকানাধীন জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে তিনজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন দিয়েছে সরকার। তাঁদের দুজনই বেসরকারি খাতের ব্যাংকার। এ ছাড়া সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের যে নির্দেশ ১৯ অক্টোবর দেওয়া হয়েছিল, তা আজ প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন ব্যাংকের পর্ষদকে আলাদা চিঠি দিয়ে মনোনয়নের কথা জানায়। মনোনীতদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম জনতা ব্যাংকের, যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এবং জনতা ব্যাংকের ডিএমডি নূরুল হুদা বেসিক ব্যাংকের এমডি পদে মনোনয়ন পেয়েছেন।
ব্যাংকগুলোর পর্ষদকে এই তিনজনের প্রত্যেককে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে বলা হয়েছে। সোনালী ব্যাংকের পর্ষদকে জানানো হয়েছে, মেয়াদ বাতিলের নির্দেশনা প্রত্যাহার করায় শওকত আলী খান আরও এক বছর ওই ব্যাংকের এমডি থাকবেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রূপালী ব্যাংকের এমডি পদে আজ পর্যন্ত কারও নাম মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।