রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বেগমগঞ্জে আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে তরুণকে গুলি, হাসপাতালে ভর্তি

শনিবার বিকেলে আলাইয়াপুর ইউনিয়নে দরজি কামরুল হাসানকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হামলাকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

নোয়াখালীর বেগমগঞ্জে কামরুল হাসান (২৪) নামের এক তরুণকে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ওক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কামরুল ওই গ্রামের মো. ইউছুফের ছেলে; পেশায় তিনি দরজি।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাইয়াপুর ইউনিয়নে অপরাধমূলক কর্মকাণ্ডে দুটি গ্রুপ সক্রিয়; এগুলো ‘রুবেল গ্রুপ’ ও ‘হারুন গ্রুপ’ নামে পরিচিত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রুবেল গ্রুপের বেশ কয়েকজন সদস্য সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন এবং কয়েক দিন আগে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন।

স্থানীয়দের ভাষ্য, শনিবার বিকেলে তাঁদের কয়েকজনসহ রুবেল গ্রুপের সদস্যরা মোটরসাইকেলে এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কামরুল এলাকায় হারুন গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। গুলির শব্দ শুনে বাসিন্দারা এগিয়ে এলে অস্ত্রধারীরা পালিয়ে যান; তাঁদের একজন একটি মোটরসাইকেল ফেলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় লোকজন আহত কামরুলকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর বুকের ডান পাশে ও ডান হাতের বাহুতে গুলি লেগেছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রুবেল ও হারুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শুক্রবারও দুই গ্রুপের মারামারি হয়েছিল; তার জের ধরেই শনিবার বিকেলে এই গুলির ঘটনা বলে পুলিশের ধারণা। তিনি জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।