রাজশাহীর মোহনপুর উপজেলায় বিল পরিশোধের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আনজুয়ারা বেগমের বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে। তাঁর বিলে পরিশোধের শেষ তারিখ ছিল ২৭ নভেম্বর। গ্রাহকের দাবি, তিনি ২২ নভেম্বর নওহাটার একটি মোবাইল রিচার্জ দোকান থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ১ হাজার ৮৯২ টাকা বিল পরিশোধ করেন এবং নিশ্চিতকরণ বার্তা ও টোকেনও পান। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই টাকা জমা হয়নি।
বিষয়টি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও পল্লী বিদ্যুৎ সমিতিকে মৌখিকভাবে জানানো হয়। দুই পক্ষই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিল বলে গ্রাহকের ভাষ্য। তবে অভিযোগ অনুযায়ী ২৫ নভেম্বর পল্লী বিদ্যুতের লাইনম্যান রনজু তাঁর সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে নির্ধারিত ফি দিয়ে তিনি সংযোগ ফিরিয়ে নেন।
আনজুয়ারা বেগম বলেন, গ্রামে লাইন কেটে দিলে হইচই পড়ে যায়, এতে পরিবারের সম্মানহানি হয়। তিনি লাইনম্যানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার এবং লাইন কাটার ক্ষেত্রে নতুন বিলের শেষ সময় পর্যন্ত অপেক্ষার অনুরোধ জানান।
অভিযুক্ত লাইনম্যান রনজু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সংযোগ বিচ্ছিন্ন করেননি এবং ওই গ্রামে তাঁর কাজ ছিল না; পাঁচ দিন ধরে তিনি পারিলা এলাকায় কাজ করছেন। তবে ওই গ্রাহককে তিনি চেনেন বলে জানান।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, দুই-তিন মাসের বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্নের বিধান আছে, তবে তাঁরা বিদ্যুৎ না কাটার চেষ্টা করেন। তাঁর ভাষ্য, প্রতিটি বিলের শেষ তারিখ শুধু ওই মাসের জন্য প্রযোজ্য, আগের মাসের বকেয়ার জন্য নয়। তিনি ওই গ্রাহকের সমস্যার বিষয়টি জানেন না বলে উল্লেখ করে খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।