শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগে ১৫ টন ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক

শুক্রবার রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে চেকপোস্টে তল্লাশিতে ৩০০ বস্তা সার উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে জোরারগঞ্জ থানার পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশের যৌথ উদ্যোগে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে ‘ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১’ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। সারগুলো নরসিংদীর ঘোড়াশাল থেকে আনা হয়েছিল।

পুলিশের হিসাবে জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন সার রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। পুলিশ আরও জানায়, এর আগেও একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করা হয়েছিল।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাইয়ে বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, সারবোঝাই ট্রাকটি আটকের পর বিষয়টি জোরারগঞ্জ থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে সার জব্দ করে।