ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত চরাঞ্চলের নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩৫টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষ টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছেন। চলতি বছরের ৮ জুন পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপিত সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে ইউনিয়নের প্রায় দেড় হাজার গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরের বাসিন্দাদের দৈনন্দিন জীবন, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষা ব্যাহত হচ্ছে।
অনেকে বিকল্প হিসেবে সোলার প্যানেল ব্যবহার করছেন। কিন্তু তা দিয়ে কেবল এক-দুটি বাতি জ্বালানো যায়; ফ্যান, ফ্রিজ বা সেচযন্ত্র চালানো সম্ভব হয় না। স্থানীয় গৃহবধূ মোসাম্মৎ শোভা জানান, সংযোগ পাওয়ার পর ধারদেনা ও সঞ্চয়ের টাকায় তিনি একটি ফ্রিজ কিনেছিলেন, কিন্তু মাসের পর মাস বিদ্যুৎ না থাকায় সেটি নষ্ট হওয়ার পথে। প্রচণ্ড গরমে রাতে ঘুমানো যায় না বলেও তিনি জানান। একই ইউনিয়নের আরেক নারী বাসিন্দা বলেন, প্রায় ৯ হাজার টাকা খরচ করে তিনটি ফ্যান কিনেছিলেন, সবই এখন অচল।
সন্ধ্যার পর মোমবাতি বা কুপির আলোয় পড়তে হচ্ছে শিশুদের। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় ভেতরে প্রচণ্ড গরম থাকে, তাই শিক্ষার্থীদের নিয়ে গাছতলায় পাঠদান করতে হচ্ছে। এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্য কোনো এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে মিছিল-মিটিং শুরু হয়ে যেত; চরের বাসিন্দা বলেই তাঁদের প্রতি অবহেলা করা হচ্ছে। আরেক বাসিন্দার অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিক হলে কয়েক দিনের মধ্যেই লাইন চালু করা সম্ভব ছিল।
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, ২০২১ সালে চরে প্রথম বিদ্যুৎ আসার পর মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল; মানুষ ফ্যান, টেলিভিশন, ফ্রিজ ও বিদ্যুৎচালিত সেচব্যবস্থার সুবিধা পেতে শুরু করেছিল। কিন্তু নদীর তলদেশের সাবমেরিন ক্যাবল বারবার নষ্ট হওয়ায় প্রায় দেড় হাজার গ্রাহক সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং কেনা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ সূত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালে পদ্মার তলদেশ দিয়ে চার কিলোমিটার দীর্ঘ সাবমেরিন ক্যাবল বসিয়ে এই ইউনিয়নে বিদ্যুৎ দেওয়া হয়। এরপর থেকে চার দফায় ক্যাবল নষ্ট হয়েছে।