যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে আবার গম আমদানি করছে বাংলাদেশ। এবার ৪ লাখ ৪০ হাজার টন গম কেনা হবে, প্রতি টনের দাম ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। গত বছরের ডিসেম্বরে কেনা গমের তুলনায় এই দর ১১ দশমিক ৩৭ শতাংশ বেশি।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনে এর সঙ্গে আরও ১০ শতাংশ, অর্থাৎ ৪৪ হাজার টন গম কেনার সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে আমদানি ৪ লাখ ৮৪ হাজার টন পর্যন্ত হতে পারে। তবে অতিরিক্ত গম কেনা হলে একই দর প্রযোজ্য হবে কি না, তা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এ গম সরবরাহ করবে।
গত বছরের ডিসেম্বরে প্রতি টন গম কেনা হয়েছিল ৩১২ দশমিক ২৫ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে টনপ্রতি দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার। ৪ লাখ ৪০ হাজার টনের হিসাবে শুধু এই দরবৃদ্ধির কারণেই বাড়তি ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।
গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি হয় টনপ্রতি ৩০২ দশমিক ৭৫ ডলারে। দ্বিতীয় দফায় একই পরিমাণ গম কেনা হয় ৩০৮ ডলারে। ডিসেম্বরে তৃতীয় দফায় আরও ২ লাখ ২০ হাজার টন কেনার অনুমোদন দেওয়া হয় ৩১২ দশমিক ২৫ ডলারে। এবারের দর আগের তিন দফার চেয়ে বেশি; প্রথম দফার তুলনায় দাম বেড়েছে ৪৫ ডলার বা প্রায় ১৫ শতাংশ।
মার্কিন কৃষি বিভাগের নভেম্বর ২০২৬-এর শস্যবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে যুক্তরাষ্ট্রের গমের রপ্তানিমূল্য টনপ্রতি ৪৮ ডলার কমে ২৯১ ডলারে দাঁড়িয়েছে। কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, আর্জেন্টিনা, রাশিয়া ও অস্ট্রেলিয়ার গমের দামও কমেছে। তবে খাদ্য অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বাংলাদেশের ক্রয়মূল্যের সঙ্গে ওই দামের সরাসরি তুলনা করা যাবে না, কারণ মার্কিন কৃষি বিভাগের তথ্যে জাহাজভাড়া ও বিমা অন্তর্ভুক্ত নয়।