সরকারি–বেসরকারি এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন রোববার জানিয়েছেন, ১৮ ডিসেম্বর পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর। এরপর এসব পরীক্ষার ফল প্রকাশিত হবে। এই শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া প্রায় ৪ লাখ ২০ হাজার শিক্ষার্থীর কেউ পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়, চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বুয়েটে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি; আবেদন ২১ নভেম্বর শুরু হতে পারে বলে জানা গেছে।
সরকারি–বেসরকারি এমবিবিএস–বিডিএস ভর্তিতে পুনঃপরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন কি না, তা জানতে ১৮ ডিসেম্বরের কাছাকাছি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
গত শিক্ষাবর্ষে ২০২৫ সালের ১২ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা হয়েছিল। সেবার ১০০টি এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হয়; প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যেত এবং পাস নম্বর ছিল ৪০।