রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাকসু নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে। শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, এই অধিকার খর্ব করার ক্ষমতা কারও নেই। তাঁর ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই পরবর্তী রাকসু নির্বাচন আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তাঁদের মনে হচ্ছে।
তিনি জানান, গত ২৫ আগস্ট উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমেও দাবি জানানো হয়েছে; কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। প্রশাসনের সদিচ্ছা না থাকলে তা প্রকাশ্যে জানানোর আহ্বান জানান তিনি। টালবাহানা চললে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংগঠনের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, প্রায় ৩৫ বছর পর রাকসু নির্বাচন হলেও অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাবে ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। তাই নিয়মিত ও সময়মতো নির্বাচন নিশ্চিত করতে দ্রুত পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল দেওয়া জরুরি। মানববন্ধন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া সংবাদ লেখা পর্যন্ত পাওয়া যায়নি।