কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মাছ ধরার ট্রলারে তোলা ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে টানা আট দিন সাগরে ভাসিয়ে রেখেছিল একটি মানবপাচারকারী চক্র। পরে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে যাত্রীদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে তাঁরা পালিয়ে যান।
শুক্রবার রাতে এ ঘটনায় ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ট্রলারে থাকা বাকি যাত্রীরা তীরে নেমে বিভিন্ন দিকে চলে গেছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর থেকে নারী ও শিশুসহ ৭২ জন ওই ট্রলারেই ছিলেন।
উদ্ধার হওয়া টেকনাফের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, কয়েক দিন সাগরে ভাসমান থাকার সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও বিরোধ শুরু হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে তীরে ভেড়ানো হয় এবং পাচারকারীরা দ্রুত নেমে পালিয়ে যান। ইলিয়াসের অভিযোগ, ওই সময় ট্রলারে থাকা দুজনকে বেঁধে রাখা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রলারে মোট ৭২ জন ছিলেন।
স্থানীয় সূত্রের দাবি, মালয়েশিয়াগামী যাত্রীদের আগে জিম্মি করে রাখা হয়, তারপর রাতের আঁধারে ছোট নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, টেকনাফ সদর ইউনিয়নে ২০ থেকে ৩০ জনের একটি মানবপাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর সাগরপথে অবৈধভাবে বিদেশ যাত্রার নামে মানবপাচার এবং নারী ও শিশুসহ যাত্রীদের জীবনঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ট্রলারে থাকা বাকি যাত্রীদের অবস্থান নিশ্চিত করা এবং পাচার চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।